কক্সবাজারে পাহাড় কেটে গড়া স্থাপনা উচ্ছেদ
কক্সবাজার শহরে সরকারি তিনটি পাহাড় কেটে গড়ে ওঠা সাতটি স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
বুধবার দুপুরে সৈকত পাড়ার পার্শ্ববর্তী পাহাড়ে জেলা প্রশাসন এ অভিযান চালায় বলে জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম।
স্থানীয় এক নেতার নেতৃত্বে ‘লাইট হাউজ পল্লী উন্নয়ন সমিতি’র নামে এসব স্থাপনা নির্মাণ করা হয়।
এর আগেও ওইসব পাহাড়ে একই চক্রের গড়ে তোলা অর্ধ-শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।
শরীফুল ইসলাম বলেন, সৈকত পাড়া সংলগ্ন তিনটি পাহাড়ে অবৈধ স্থাপনা গড়ে উঠার খবরে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সাতটি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে।
“এছাড়া পরিবার নিয়ে বসবাসরত আরও ১৫/২০টি বসতবাড়ির লোকজনকে আজকালের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
শরীফুল বলেন, একই দখলদার চক্র ইতিপূর্বেও এসব পাহাড় কেটে শতাধিক বসতবাড়ি নির্মাণ করেছিল। বিষয়টি নজরে এলে গত ২৯ মার্চ অভিযান চালিয়ে ওইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।
পরিবেশ কর্মকর্তা শরীফুল বলেন, “এ তিনটি পাহাড় কেটে প্লট তৈরি বিক্রি করছে ‘লাইট হাউজ পল্লী উন্নয়ন সমিতি’র নামে ৭০ জনের সংঘবদ্ধ একটি চক্র। তারা এসব প্লট বিভিন্ন জনের কাছে চড়া মূল্যে বিক্রি করছে।
পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানান শরীফুল।
