২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের ‘ইয়াবাসহ’  কাউন্সিলর আটক

গাজীপুরে এক পৌর কাউন্সিলর ও তার স্ত্রীসহ তিন জনকে আটক করা হয়েছে; যাদের কাছ থেকে ৫০০ ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 04:05 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

বুধবার ভোরের দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকার ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বলে জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান।

আটককৃতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কাউন্সিলর শহিদুর রহমান শিপন (৪২), তার স্ত্রী শ্যামলী (২৭) এবং গাড়ি চালক মিনহাজ উদ্দিন (৪০)।

পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাইমাইলের চেকপোস্ট অতিক্রমের সময় টাঙ্গাইলগামী একটি গাড়িকে থামার সংকেত দেয় টহল পুলিশ।

“গাড়িটি না থামলে পুলিশ সদস্যরা ধাওয়া করে গতিরোধ করে।পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।”

এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।