২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরশুরামে ইউএনওকে মারধরের মামলার অভিযোগ গঠন

ফেনীর পরশুরামে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মারধরের মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 07:57 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এ অভিযোগ গঠন করা হয়।

একই সঙ্গে আগামী ২৮ জুন এ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ রেখেছে আদালত।

আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর ফারুক বলেন, গত ১৪ জুন এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। ওই দিন আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগের দায় থেকে অব্যহতির আবেদন করেন।

মঙ্গলবার আবেদন নামঞ্জুর করে মামলার অভিযোগ গঠন করে স্বাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করে আদালত।

এ সময় এ মামলার আট আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা সবাই জামিনে রয়েছেন।

গত ৬ মে দুপুরে পরশুরাম উপজেলার ধনিকুন্ড এলাকায় নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খানের একটি অনুষ্ঠান স্থলের পাশে মারধরের শিকার হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রকিব হায়দার।

ওইদিন বিকালে এ ঘটনায় ইউএনওর গাড়ি চালক আবুল কাশেম বাদী হয়ে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে পরশুরাম থানায় মামলা করেন।

মামলায় খায়রুল বাসার মজুমদার তপনকে প্রধান আসামি করা হয়।এরই মধ্যে এজহারের সাত আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৬ মে পরশুরাম থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কাশেম আদালতে অভিযোগপত্র দাখিল করে।

পুরনো খবর:

পরশুরামের ইউএনওকে মারধর: প্রধান আসামি কারাগারে