২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরশুরামের ইউএনওকে মারধর: প্রধান আসামি কারাগারে  

ফেনীর পরশুরামের ইউএনওকে মারধরের মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খারুল বাশার মজুমদার তপনসহ দুই জন আদালতে হাজির হওয়ার পর কারাগারে পাঠানো হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 03:49 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বুধবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

এ মামলায় এর আগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আসামিপক্ষের আইনজীবী জাহিদ হোসেন খসরু বলেন, দুপুরে বিচারিক হাকিম রাজেশ চৌধুরীর আদালতে খাইরুল বাশার মজুমদার তপন ও পরশুরামের চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

“আদালত জামিন আবেদন নাকচ করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।”

এদিকে, পুলিশ এ মামলায় গ্রেপ্তার অপর ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন করলে আদালত সকল আসামিকে পাঁচ কার্যদিবসের মধ্যে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় বলে আইনজীবী জাহিদ হোসেন জানান।

গত ৬ মে দুপুরে পরশুরাম উপজেলার ধনিকুন্ড এলাকায় নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খানের একটি অনুষ্ঠান স্থলের পাশে মারধরের শিকার হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রকিব হায়দার।

ওইদিন বিকালে ঘটনায় ইউএনওর গাড়ি চালক আবুল কাশেম বাদী হয়ে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে পরশুরাম থানায় মামলা করেন। মামলায় খায়রুল বাসার মজুমদার তপনকে প্রধান আসামি করা হয়।

পুলিশ এর আগে ওই মামলায় এজাহারভুক্ত আসামি পরশুরাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের আহাবায়ক আবদুল মান্নান, স্থানীয় যুবলীগ নেতা মহিউদ্দিন পারভেজ, ফারুক আহমদ (জসিম উদ্দিন বুইজ্জার ভাই), যুবলীগ নেতা মো. মহিউদ্দিন, আবু তৈয়ব মাসুদ এবং এক সন্দেহভাজন নুর আহম্মদ রাশুকে গ্রেপ্তার করেছে।

ইউএনও রকিব ফেনী জেলা সদর হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

পুরনো খবর:

পরশুরামে ইউএনওর উপর হামলা: আরও ৩ জন গ্রেপ্তার
ইউএনওর উপর হামলা: ৩ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি
পরশুরামে ইউএনওকে মারধর, মামলা দায়ের