পরশুরামে ইউএনওর উপর হামলা: আরও ৩ জন গ্রেপ্তার
ফেনীর পরশুরামে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দারের উপর হামলায় জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবারের দুপুরের এই হামলার পর বিকালে পুলিশ পরশুরাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডর কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নানসহ তিনজনকে গ্রেপ্তার করেছিল।
পরশুরামের ঘটনায় রাতে আরও তিনজনকে ফেনী শহর থেকে গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নতুনদের আটকের পর সরকারি কর্মকর্তার উপর হামলার এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা ছয়জনে দাঁড়াল। এরা সবাই ক্ষমতাসীন দলের সমর্থক।
পুলিশ জানিয়েছে, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী শুক্রবার রাতে শহরের মাস্টার পাড়ায় তার বাসা থেকে তিনজনকে পুলিশে তুলে দেয়।
এরা হলেন নাছির উদ্দিন, আবু তৈয়ব মাছুম ও ফারুক আহম্মেদ। এরা আওয়ামী লীগের সমর্থক হলেও দলের কোনো পদে নেই।
ইউএনও রকিব হায়দারের উপর হামলার ঘটনায় তার গাড়িচালক আবুল কাশেম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে পরশুরাম থানায়িইতোমধ্যে মামলা করেছেন।
শুক্রবার দুপুরে উপজেলার ধনিকুণ্ড এলাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাসার মজুমদার তপন ও তার সমর্থকরা কিল-ঘুষি মেরে ইউএনওকে আহত করে বলে অভিযোগ করা হয়েছে।
রকিব হায়দার বর্তমানে ফেনী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
