জেলা প্রশাসককে ‘ফোনে হুমকি, চাঁদা দাবি’
চুয়াডাঙ্গার জেলা প্রশাসককে ফোন করে সন্তানদের প্রাণনাশের হুমকি দিয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে সাধারণ ডায়েরি হয়েছে থানায়।
রোববার রাতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই শফিকুল ইসলাম এ সাধারণ ডায়রি করেন বলে ওসি তোজাম্মেল হক জানান।
জিডিতে বলা হয়, রোববার দুপুরে ০১৮৮২৬২৮২৭৫ নম্বর থেকে এক ব্যক্তি জেলা প্রশাসক সায়মা ইউনুসের মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
“হুমকিদাতা জেলা প্রশাসককে বলেন, ‘আমাদের ৫০ লাখ টাকা দরকার। ৪০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। আপনি ১০ লাখ টাকা দেবেন। তা না হলে আপনার সন্তানদের হত্যা করা হবে,” বলেন ওসি।
সোমবার দুপুরে ওই নম্বরে ফোন করলে শোনা যায় অপারেটরের বার্তা- ‘দুঃখিত আপনার ডায়ালকৃত নম্বরটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে’।
জেলা প্রশাসক সায়মা ইউনুস এ ব্যাপারে নিজে কোনো কথা বলতে চাননি। থানায় জিডি করার কথা জানিয়ে পুলিশ প্রশাসনের কাছ থেকে বিষয়টি জেনে নিতে বলেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, “যে মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে সেটি মাদারীপুর জেলা থেকে ব্যবহার করা হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। হুমকিদাতাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।”
যে মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে সেটি কার নামে নিবন্ধিত তা জানতে মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করা হলে ৭২ ঘণ্টার মধ্যে তথ্য দেবে বলে তারা পুলিশকে জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “বিষয়টি বড় ধরনের কিছু নয়। আরও অনেককে প্রায়ই এভাবে ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে।”
