২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিসৌধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনের ফুটপাতের তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 07:02 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয় বলে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট অফিসের উপ-সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম জানান।

তিনি বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার সময় অবৈধ দখলদাররা তাকে লাঞ্ছিত করারও চেষ্টা করে। বিষয়টি সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র স্মৃতিসৌধ এলাকায় ফুটপাত দখল করে স্থাপনা গড়ে ব্যবসা চালাচ্ছিলেন। স্থাপনা তুলে নিতে তাদের একাধিকবার বলা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।  

“এ বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্য গণপূর্ত মন্ত্রণালয়ে লিখিতভাবে আবেদন জানানো হলে সড়ক বিভাগ তিন শতাধিক অবৈধ দোকান-পাট উচ্ছেদ করে।”

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, এ বিষয়ে গোলযোগ এড়াতে স্মৃতিসৌধ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।