খুলনায় মাদক বিক্রেতার ৫ বছরের কারাদণ্ড
খুলনায় এক মাদক বিক্রেতাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত টিপু মুন্সী (৩৫) নগরীর দৌলতপুর থানার পাবলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি জামিন নিয়ে পলাতক রয়েছেন।
রায়ে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও ছয়মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি কামরুল ইসলাম জোয়ার্দ্দার জানান, ফেন্সিডিল বিক্রির গোপন খবর পেয়ে ২০১৩ সালের ৩ অগাস্ট পাবলা এলাকা থেকে ৪৭ বোতল ফেন্সিডিলসহ টিপুকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় ওই দিন র্যাব-৬ খুলনার উপ-সহকারী পরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা করেন।
“একই বছরের ২সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক টিপুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।”
