২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় দুর্ঘটনায় ‘ফিলিপাইনের’ নাগরিকসহ আহত ৪

ঢাকার সাভারের আশুলিয়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় একটি পোশাক কারখানার তিন কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন, যাদের একজন ফিলিপাইনের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 02:21 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

রোববার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির।

আহতরা হলেন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনের এল এস আই ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার পরিচালক ‘ফিলিপাইনের’ নাগরিক মেরি চিলা পারিস, সহকারী মহাব্যবস্থাপক নজরুল আহমেদ, ব্যবস্থাপক (কোয়ালিটি) আবুল কালাম আজাদ ও মাইক্রোবাসের চালক।

তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মোহসিনুল কাদির জানান, রাজধানীর বাড়িধারা থেকে একটি মাইক্রোবাসে করে ডিইপিজেডের নতুন জোনের এল এস আই ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় যাচ্ছিলেন তারা।

“পল্লীবিদ্যুৎ এলাকায় পিছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি সামনে থাকা আরেকটি বাসের পিছনে ধাক্কা দেয়।”

দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে আটক  করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।