২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার দায় সরকারের উপর চাপানোর চেষ্টা বিএনপির: মেনন

দেশের বিভিন্ন স্থানে ‘জঙ্গি কায়দায়’ হামলার ঘটনায় নিন্দা বা দুঃখ প্রকাশ না করে বিএনপি হামলার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 05:29 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

মাদারীপুরে হামলায় আহত কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে শনিবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

গত বুধবার মাদারীপুরে সরকারি নাজিম উদ্দিন কলেজের গণিতের প্রভাষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে আহত করে কয়েকজন যুবক।

ঘটনার সময় স্থানীয়রা ফাইজুল্লাহ ফাহিম নামের একজনকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। দশদিনের রিমান্ডে থাকা ফাহিম শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় বলে পুলিশের দাবি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এখন পর্যন্ত জঙ্গি হামলার ঘটনায় যারা ধরা পড়েছে, জামায়াত-শিবিরের সঙ্গে তাদের সম্পৃক্ততরার প্রমাণ পাওয়া গেছে। অথচ তাদেরই ছায়া দিয়ে রাখছেন বেগম জিয়া “

মেনন বলেন, শুধু একটি সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে; এমনটা কিন্তু নয়। হিন্দু, খ্রিস্টান, কবি, সাহিত্যিক, লেখক, প্রকাশক, ব্লগারদের উপর হামলা হচ্ছে।

“এর মধ্যে দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজন ঘটানোর চেষ্টা চলছে “ অভিযোগ করেন মেনন।

জঙ্গিবাদ মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ করাই সরকারের একমাত্র লক্ষ্য বলে জানান তিনি।