২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সালিশে সংঘর্ষ, বল্লম মেরে হত্যা

হবিগঞ্জ সদরে জমি নিয়ে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 03:49 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান।

নিহত আব্দুস সালাম (৪০) ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় সালামের দুই ভাই মোতালিব ও আব্দুল মন্নাফ আহত হয়েছেন।

মোতালিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং মন্নাফসহ দুই জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, গ্রামের একখণ্ড জমি নিয়ে সালামের সঙ্গে স্থানীয় আফছর আহমেদের বিরোধ চলছিল। রাতে এ নিয়ে সালিশ বসলে সালাম ও আফসারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে বল্লমের আঘাতে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করার কথা জানিয়েছেন ওসি।