২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক কর্মকর্তাকে পেটানোর অভিযোগে শ্রমিক দল নেতাসহ আটক ৪

রাজশাহীতে উত্তরা ব্যাংকের এক কর্মকর্তাকে পেটানোর অভিযোগে শ্রমিক দলের এক নেতাসহ চার জনকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 09:49 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

বৃহস্পতিবার বিকালে ব্যাংকটির সাহেববাজার শাখায় এ ঘটনা ঘটে বলে বোয়ালিয়া থানার এসআই মো. মহিউদ্দিন জানান।

আটকরা হলেন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, ব্যাংকটির কানসাট শাখার কর্মকর্তা আবদুল মান্নান, পাবনার ঈশ্বরদী শাখার কর্মকর্তা শরীফুজ্জামান বুলবুল এবং সিবিএ নেতা আবু মো. মোতালেব।

ইফতার পার্টিতে ‘সহকর্মীদের নিয়ে যেতে রাজি না হওয়ায়’ তাকে পেটানো হয় বলে দাবি করেন সাহেববাজার শাখার কর্মকর্তা জিয়াউর রহমান।

তিনি বলেন, “বৃহস্পতিবার উত্তরা ব্যাংকের রাজশাহীর রাণীবাজার শাখায় ইফতার পার্টির আয়োজন করে বিএনপিপন্থী সিবিএ নেতারা।

“ওই পার্টিতে আমাকে এবং আমার সহকর্মীদের দাওয়াত দিতে আসেন আটকরা। এতে রাজি না হওয়ায় তারা আমাকে কিল-ঘুষি মারতে থাকে এবং আমার কক্ষে অবরুদ্ধ করে রাখে।”

এসআই মহিউদ্দিন বলেন, ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে জিয়াউরকে উদ্ধার করা হয়। আর ওই চারজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে জিয়াউর রহমান রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

ব্যাংকের সাহেববাজার শাখার জোনাল অফিসার আবদুল খালেক বলেন, “ঘটনা ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে। জিয়াউর রহমানকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।”