‘মাশুল দিয়ে’ ত্রিপুরায় যাচ্ছে ভারতীয় পণ্য
প্রথমবারের মতো দেশের অবকাঠামো ব্যবহারের নির্ধারিত ট্রানসশিপমেন্ট ফি তথা ‘মাশুল’ দিয়ে ত্রিপুরায় যাচ্ছে ভারতের পণ্য। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে এসেছে সেদেশের পণ্যবাহী জাহাজ।
বৃহস্পতিবার দুপুর থেকে ট্রাকে করে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় এসব পণ্য পরিবহন শুরু হবে বলে জানিয়েছেন পণ্য পরিবহনকারী আনবিজ ডেভেলপমেন্ট লিমিটেডের আশুগঞ্জ বন্দর ইনচার্জ এস কে মাসুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকালে এক হাজার চার মেট্রিকটন ভারতীয় লৌহজাত পণ্য বহনকারী এমভি নিউটেক-৬ নামের একটি জাহাজ কলকাতা থেকে আশুগঞ্জ বন্দরে এসেছে।
“পোর্ট অব কলের আওতায় ভারতীয় পণ্যবাহী জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে এসেছে। এ জন্য নির্দিষ্ট পরিমাণ মাসুলও দিতে হচ্ছে।”
কলকাতা থেকে এই জাহাজে করে আসা পণ্য দেশের সড়ক পথের ভেতর দিয়ে যাবে ত্রিপুরার রাজধানী আগরতলায়, এজন্য প্রথমবারের মতো টন প্রতি ১৯২ টাকা ২২ পয়সা ট্রানসশিপমেন্ট ফি দিতে হবে ভারতকে।
“এ চুক্তির পর এই প্রথম মাশুলসহ পণ্য পরিবহন করতে যাচ্ছে ভারত। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় এসব পণ্য পরিবহনে প্রতি টনে ১৯২ টাকা ২২ পয়সা হারে মাশুল আদায় করা হবে।”
এছাড়া ভয়েজ পারমিশন ফি, পাইলট ফি, অবস্থান ফি, ল্যান্ডিং ফি, চ্যানেল চার্জ ও লেবার হোলিং চার্জসহ জাহাজটি থেকে বাংলাদেশ দুই লাখ ৯৫ হাজার ৩৬৫ টাকা পাবে বলে জানান তিনি।
আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে সড়কপথে ত্রিপুরায় যাবে ভারতীয় পণ্য। এ জন্য প্রযোজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
