ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিপুরায় ‘পালটানা বিদ্যুৎ কেন্দ্র’ নির্মাণের জন্য সরঞ্জাম পরিবহনে বাংলাদেশের মধ্য দিয়ে দ্বিতীয় দফায় ‘ওভার ডাইমেনশনাল কার্গো’ (ওডিসি) পাঠিয়েছে ভারত।
এসব যন্ত্রপাতি পরিবহনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান গাল্ফ ওরিয়েন্ট সিওয়েজের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহফুজ হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওডিসিগুলো পাঠানোর আমাদের যে দায়িত্ব ছিল তা আমরা শেষ করেছি। ত্রিপুরার মোনারচক বিদ্যুত কেন্দ্রের জন্য এসব ওডিসি অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে পাঠানো হয়েছে।”
বাংলাদেশি এই কোম্পানি এর আগে কলকাতা থেকে আসামের করিমগঞ্জে কার্গো পরিবহনের দায়িত্ব পালন করেছে। ২০১১ সালে ত্রিপুরার পালটানা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৯৩টি ভাগে যন্ত্রপাতিবাহী প্রথমবারের মতো ওডিসি পরিবহন করেছিল।
মাহফুজ বলেন, “আটটি বাংলাদেশি নৌযান ১১৫ থেকে ৩৫০ টন ওজনের ২৮টি ওডিসি পরিবহন করেছে।”
এসব কার্গো কলকাতা থেকে রায়মঙ্গল-শেখবাড়িয়া-মংলা-চাঁদপুর-আশুগঞ্জ-জকিগঞ্জ-করিমগঞ্জ হয়ে প্রায় ১৫০০ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়েছে বলে জানান তিনি।
“ভারতীয়রা আমাদের বৈদেশিক মুদ্রায় পরিশোধ করেছে,” বলেন মাহফুজ। তবে পরিমাণ জানতে চাইলে ‘গোপনীয়তার’ কারণ দেখিয়ে তিনি তা বলেননি।
পানির গভীরতা কম হওয়ায় আশুগঞ্জ-জকিগঞ্জ নৌপথ পুরো বছরে চলাচলের অযোগ্য ছিল উল্লেখ করে হামিদ বলেন, “সারা বছর চলাচলের যোগ্য হলে আমরা আরো ট্রানজিট কার্গো পরিবহন করতে পারতাম।”
এবিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক পরিচালক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রানজিট কার্গো পরিবহনের পরিমাণ বাড়ছে।
মফিজ বলেন, “আশুগঞ্জ পর্যন্ত পুরো পথ বছরজুড়ে তিন মিটার গভীর ছিল। তবে আশুগঞ্জ থেকে জকিগঞ্জ পর্যন্ত এই ২৯৭ কিলোমিটার পথ শুধু জুলাই থেকে নভেম্বর সময়ে চলাচলের যোগ্য ছিল।
তিনি বলেন, “আশুগঞ্জ-জকিগঞ্জ নৌপথ সারাবছর ধরে চলাচলের যোগ্য রাখতে আমরা একটা প্রকল্পের কাজ শুরু করেছি।”
ছয় থেকে সাতটি স্থানে নৌযান চলাচলের জন্য পর্যাপ্ত গভীরতা নেই বলে প্রাথমিক জরিপে বের হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই সাতটি জায়গার মোট আয়তন হবে সাত কিলোমিটার এবং চলাচলের যোগ্য করতে এই জায়গাগুলোতে খনন চালাতে হবে।”
তিনি আরো বলেন, “৫০০ টনের বেশি ওজনের কার্গোবাহী নৌযান চলাচলের জন্য দুই মিটারের বেশি গভীরতা প্রয়োজন এবং এটা নিশ্চিত হলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পরিবহন সম্ভব।”
জকিগঞ্জ ও দইখাওয়া পথ চলাচলের যোগ্য রাখতে খননের জন্য ভারত বাংলাদেশকে প্রতিবছর ১০ কোটি টাকা দেয়।
১৯৭২ সালের ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড (আইডব্লিউটিটি) চুক্তি অনুযায়ী গত বছর আশুগঞ্জ বন্দরকে ‘পোর্ট অব কল’ ঘোষণার পর ভারত প্রথমবারের মতো এই সুবিধা পাচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০০৫ সালের অক্টোবরে ৪৫০০ কোটি রুপির পালটানা বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিস্থাপন করেন। কিন্তু রেলপথে ভারতের পশ্চিমাঞ্চল থেকে থেকে ত্রিপুরার পার্বত্য এলাকায় প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছানো সম্ভব না হওয়ায় প্রকল্পের কাজ বিলম্বিত হয়।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাংলাদেশের ওপর দিয়ে এসব যন্ত্রপাতি স্থানান্তরের বিষয়ে সমঝোতা হয়।
এ লক্ষ্যে গত বছর মে মাসে আইডব্লিউটিটি সংশোধন করে আশুগঞ্জ নৌবন্দরকে দ্বিতীয় ট্রান্সশিপমেন্ট পয়েন্ট ও পঞ্চম পোর্ট অব কল ঘোষণা করা হয়। গত নভেম্বরে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আশুগঞ্জ দিয়ে ত্রিপুরার জন্য ৩৫ হাজার টন চাল পরিবহণ করার জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে ভারত।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “গত ৬ নভেম্বরে প্রটোকল বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে তারা আমাদেরকে পণ্য পরিবহণের অনুরোধ জানায়। বিবেচনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে একটি প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এমআই/০০৫৯ ঘ.
bdnews24