ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ: গ্রেপ্তার ৩
বাগেরহাটের মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বুলুর ওপর হামলা মামলার আসামি তিন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বাগেরহাট শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান।
এরা হলেন মোরেলগঞ্জ উপজেলার ডেপুয়ারপাড় গ্রামের ওয়াজেদ খানের ছেলে মো. কালাম খান (৪২), নূরুল ইসলাম খানের ছেলে খবির খান (৩৬) এবং বড়জামুয়া গ্রামের হেমায়েত শেখের ছেলে রুবেল শেখ (২৪)।
তিনজন স্থানীয় ‘চিহ্নিত সন্ত্রাসী’ ও আওয়ামী লীগ কর্মী বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ উপজেলা সদরে যাওয়ার পথে চিংড়াখালী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস বুলু সন্ত্রাসী হামলার শিকার হন। ৫/৬ জন যুবক বুলুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে এবং দুই পায়ে গুলি করে পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, হামলার ঘটনায় বুধবার বুলুর বড় ভাই তালুকদার আলমগীর হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় খবির খানকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে।
ওসি বলছেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেয়ারম্যানের ওপর হামলার কথা স্বীকার করেছে।
হামলাকারীরা কার নির্দেশে হামলা চালিয়েছে তা তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য বুলুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল আলম মিলন জানান।
গত ২২ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চিংড়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন বুলু। সম্প্রতি তিনি শপথ নিয়েছেন।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের একটি পক্ষ তা মেনে নিতে না পেরে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বুলূর ওপর এ হামলা চালিয়েছে বলে তার পরিবার থেকে অভিযোগ ওঠে।
