বাগেরহাটে ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ
বাগেরহাটের মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যান এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে জখম করেছে কয়েকজন যুবক।
একইদিন উপজেলার উত্তর চিংড়াখালী গ্রামে এক বিএনপি নেতাকে কুপিয়ে আহত করা হয়।
চেয়ারম্যান তালুকদার আলী আক্কাস বুলুকে (৫০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিএনপি নেতা আলতাফ সরদারকে (৫৫) মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তালুকদার আলী আক্কাস বুলু মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল আলম মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে মোরেলগঞ্জ উপজেলা সদরে যাওয়ার পথে মধ্যে চিংড়াখালী তহসিল অফিসের সামনে ৫/৬ জন সশস্ত্র যুবক তালুকদার আলী আক্কাস বুলুর উপর হামলা চালায়।
“হামলাকারীরা প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে দুই পায়ে গুলি করে চলে যায়।”
গত ২২ মার্চে অনুষ্ঠিত নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চিংড়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তালুকদার আলী আক্কাস বুলু।
সম্প্রতি তিনি চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন।
চেয়ারম্যানের বড় ভাই তালুকদার আলমগীর হোসেন অভিযোগ করেন, “আমার ভাই এলাকায় খুব জনপ্রিয় ছিলেন। তাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ায় দলের একটি পক্ষ তা মেনে নিতে পারেনি। তারা হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।”
অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইয়ের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।
মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় বিরোধের জের ধরে প্রতিপক্ষরা চেয়ারম্যানের উপর হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে, আহত বিএনপি নেতার ভাই আক্কাস সরদার অভিযোগ করেন, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আলতাফ সরদারের সঙ্গে স্থানীয় আরিফ সরদার তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে আরিফ ক্ষুব্দ হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন।”
আলতাফ সরদার চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি বলে জানান তিনি।
এ বিষয়ে ওসি রাশেদুল আলম বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইপো আরিফ সরদার চাচা আলতাফ সরদারকে কুপিয়ে জখম করেছে। অভিযোগ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
