২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইটিংগেল মেডিকেলের শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ

নীতিমালা না মানার অভিযোগে বন্ধ করে দেওয়া সাভারের নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 12:43 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

পুরনো খবর:

নাইটিংগেল মেডিকেল বন্ধে বিক্ষোভ
নীতিমালা ভঙ্গ: ৩ বেসরকারি মেডিকেল কলেজ সাময়িক বন্ধের নির্দেশ

মঙ্গলবার সকালে আশুলিয়ার গোরাটের কলেজ ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয় বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী খান জানিয়েছেন।

এদিকে, সকাল থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে দেখা গেছে।

আকবর আলী বলেন, শিক্ষার্থীরা কলেজটির এক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছে এমন খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে।

“পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি, টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিপেটা করে।”

শিক্ষার্থীদের ইটপাটকেলে ওসি মহসিনুল কাদির আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, বলেন পরিদর্শক আকবর আলী।  

কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার কথা জানিয়েছেন ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ।

নীতিমালা ভঙ্গের দায়ে ওই মেডিকেল কলেজসহ তিনটি কলেজ বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

“এ খবর জানার পর সোমবার থেকে কলেজটির তিন শতাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী নূর ইমাম মেহেদী নামের এক প্রশাসনিক কমকর্তাকে মারধর ও কলেজের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন জামান চৌধুরীকে অবরুদ্ধ করে রাখে।”

মঙ্গলবার সকালে অবরুদ্ধ কর্মকর্তাকে উদ্ধারে পুলিশ ক্যাম্পাসে ঢুকলে শিক্ষার্থীরা তাদের উপর হামলা চালায় এবং এরপরই সংঘর্ষ বাধে বলে দাবি এ পুলিশ কর্মকর্তার।

“পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছে।”

তবে শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ ভোরে কলেজ ক্যাম্পাসের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে তাদের উপর হামলা চালায়। এতে ২০ শিক্ষার্থী আহত হয়।

নাইটিংগেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন জামান সংঘর্ষের বিষয়টি স্বীকার করে বলেন, “ক্যাম্পাস বন্ধ ঘোষণাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।

“মন্ত্রণালয় থেকে এখনও কোনো লিখিত নির্দেশনা পাইনি। কী সমস্যার কারণে কলেজ বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে তা দেখে দ্রুত সমাধানের চেষ্টা করব।”