নাইটিংগেল মেডিকেল বন্ধে বিক্ষোভ
পরিচালনায় সরকারি নীতিমালা ভঙ্গের কারণ দেখিয়ে আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধের নির্দেশের খবরে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির তিন শতাধিক শিক্ষার্থী।
রোববার রাত থেকে তারা গোরাট এলাকার এই ক্যাম্পাসে বিক্ষোভ ও এক প্রশাসনিক কর্মকর্তাকে মারধর করে বলে জানান আশুলিয়া ওসি মহসিনুল কাদির।
রোববার নাইটিংগেল মেডিকেল কলেজসহ দেশের তিনটি বেসরকারি মেডিকেল কলেজ সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ওসি বলেন, রাত ১১টায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. হুমায়ুন জামান চৌধুরী ক্যাম্পাসে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করলে তাকে একটি কক্ষে অবরুদ্ধ রাখে তারা। পরে পুলিশের হস্তক্ষেপে গভীর রাতে মুক্ত হন তিনি।
“সোমবার সকালে শিক্ষার্থীরা বিভিন্ন কক্ষের জানালা-দরজার কাচ ভাংচুর ও ক্যাম্পাসের অভ্যন্তরের সড়কে আগুন ধরিয়ে দেয়।”
ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন জামান চৌধুরী বলেন, কোনো কারণ ও নোটিশ ছাড়াই প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
মেডিকেল কলেজের অধ্যক্ষ হোসনে আরা তাহমিদা বলেন, “কারণ ছাড়াই এ ধরনের ঘোষণায় শিক্ষার্থীও কলেজের কর্মকর্তা কর্মচারীরা হতবাক।”
বিষয়টি সমাধানে সরকারের ঊর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।
কলেজের চতুর্থ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন যাতে নষ্ট না হয় সেদিকে দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের কাছে আবেদন জানান। এছাড়া কলেজের নানা সমস্যার সমাধানও চান তারা।
তাদের অভিযোগ, হাসপাতালের ইনডোর বা আউটডোরে কোনো রোগী নেই। সরকারি কোনো মন্ত্রণালয়ের লোক এলে বাইরে থেকে ভাড়া করে রোগী এনে দেখানো হয়।
এছাড়া প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ ভারতীয় ও ২০ নেপালি শিক্ষার্থী তাদের পাসপোর্ট ফেরত না পাওয়ারও অভিযোগ তুলে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে সেজন্য প্রতিষ্ঠানটির সামনে অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে বলে জানান ওসি।
