দিনাজপুরে সেতু ভেঙে দুই উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন
দিনাজপুর-পার্বতীপুর সড়কে একটি বেইলি সেতু ভেঙ্গে জেলা সদরের সঙ্গে পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার রাতে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার ওই সেতু ভেঙে যায় বলে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুরুজ মিয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত আনুমানিক ১টার দিকে একটি মালবাহী ট্রাক পারপারের সময় আত্রাই নদীর ওপরে নির্মিত সেতুটির একটি অংশ ভেঙে পড়ে।
দুর্ঘটনার পর সেতুর দুপাশে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। দুর্ভোগে পড়েছেন ওই পথের যাত্রীরাও।
এছাড়া পার্বতীপুরে জ্বালানি তেলের ডিপো থেকে তেল সংগ্রহ করতে ট্যাঙ্কারগুলোকে সৈয়দপুর হয়ে পার্বতীপুর যেতে হচ্ছে বলে জানান তিনি।
ইতোমধ্যেই সেতুটির ভাঙা অংশের সংস্কার শুরু হয়েছে বলে জানিয়েছেন সুরুজ মিয়া।
তবে সংস্কার কাজ কখন শেষ হবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তিনি।
