ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে ৫ নারী শ্রমিক নিহত
কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে পাঁচ বৃদ্ধ নারী শ্রমিকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির (বিএটিবি) নারী শ্রমিকরা সকালে নসিমনে করে ভাদালিয়ার কারখানায় যান।
কারখানার সামনে নসিমন থেকে নামার সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
“নসিমন উল্টে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও নয়জন আহত হন। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।”
নিহতরা হলেন সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রাবেয়া (৭০), আমেনা (৫৫), কমলা (৬০), সজিরন (৫৫) ও সুখীজান (৫৮)।
আহত পাঁচজনের মধ্যে আলেয়া (৪৫), জোসনা (৫০) ও সুরজান (৫০) চিকিৎসাধীন। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালের চিকিৎসক অরবিন্দু পাল জানান, চিকিৎসাধীন তিনজনের মধ্যে জোসনা ও সুরজানের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর ট্রাক আটক করেছে পুলিশ। তবে চালক ও সহকারীকে ধরতে পারেনি।
হাতহতরা সবাই ওই কারখানার গুদামে তামাক বাছাইয়ের কাজ করতে যাচ্ছিলেন বলে ওসি জানান।
