২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টার্গেট কিলিং’ ঠেকাতে মাগুরায় ‘ডিফেন্স পার্টি’

টার্গেট কিলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে মাগুরায় স্থানীয়দের নিয়ে নিরাপত্তা বাহিনী গঠন করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 07:10 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

রোববার দুপুরে সদর ও শ্রীপুর উপজেলার কয়েকটি গ্রামে এ বাহিনীর কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার একেএম এহসান উল্ল্যাহ।

এ বাহিনীতে ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, সামাজিক ও ধর্মীয় নেতা, পুরোহিত, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, গৃহিনীসহ বিভিন্ন শ্রেণির মানুষকে সদস্য করা হয়েছে। যাদের হাতে থাকবে বাঁশের লাঠি ও বাঁশি।

এসপি এহসান উল্ল্যাহ বলেন, “টার্গেট কিলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে মাগুরার প্রতিটি গ্রাম, পাড়া মহল্লায় গঠন করা হচ্ছে ডিফেন্স পার্টি। কমিটির সদস্যরা বাঁশের লাঠি ও বাঁশি হাতে সংঘবদ্ধভাবে চলাফেরা করবেন। কোনো জঙ্গি বা সন্ত্রাসীকে দেখলে তারা তাদের প্রতিহত করবে। পুলিশ তাদের সহযোগিতা করবে।”

এ সময় অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর থানার ওসি আজমল হুদা, শ্রীপুর থানান ওসি রেজাউল ইসলাম, আঠারখাদা ইউপির চেয়ারম্যান সন্জীবন বিশ্বাসসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

গোপিনাথপুর গ্রামের ডিফেন্স পাটির সদস্য ইন্দ্রজিৎ ভৌমিক ও টেঙ্গারখালী মন্দিরের পুরোহিত মৃগেন চক্রবর্তী বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে পুরোহিতসহ নিরীহ মানুষ হত্যার শিকার হয়েছেন।ডিফেন্স পাটি গঠনের ফলে এখন তারা নিরাপদ বোধ করছেন।