রংপুরে পুলিশ সোর্সের ঝুলন্ত লাশ উদ্ধার
রংপুর নগরীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, পুলিশ যাকে তাদের সোর্স বলে দাবি করছে।
রোববার সকালে হাজীরহাট এলাকায় শাহিন মিয়ার (২৮) লাশ পাওয়া যায় বলে কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান।
তিনি বলেন, হাজীরহাট রণচণ্ডী শেখপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে পাঁচশ গজ দূরে একটি গাছে ঝুলে ছিল শাহিনের লাশ।
“শাহীন ওই এলাকার মোজাফফর হোসেনের ছেলে। তিনি পুলিশের সোর্স ছিলেন।”
শাহিনের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওসি জাহিদুল জানান, শাহীন কোতোয়ালি থানার সাবেক ওসি আব্দুল কাদের জিলানীর বাসায় থাকতেন। ওসি জিলানী বর্তমানে রংপুরের কাউনিয়া থানায় কর্মরত আছেন।
কাউনিয়া থানান ওসি আব্দুল কাদের জিলানী বলেন, শনিবার রাত ১২টার আগে আমার মোবাইলে শাহিনের একটা ম্যাসেজ আসে। তাতে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
