২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ কর্মীকে রগ কেটে হত্যা

ইউনিয়ন পরিষদে কর্মসৃজন প্রকল্পের টাকা ভাগাভাগি নিয়ে বরিশালের বাকেরগঞ্জে আওয়ামী লীগের এক কর্মীকে রগ কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 10:03 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

শনিবার বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরদা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বাকেরগঞ্জ থানার ওসি আজিজুর রহমান।

নিহত মহিউদ্দিন হাওলাদারকে (৫০) আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানিয়েছেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুর রহমান।

তিনি বলেন, “বিকালে বাড়ি ফেরার পথে ইউনিয়ন পরিষদের সদস্য মো. মামুনের নেতৃত্বে আরেক সদস্য শাহ জামান সানু ও মহিউদ্দিনের উপর হামলা চালায়।

“পরে মহিউদ্দিনকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণ করেন।”

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুনর রশিদ জানান, নিহতের দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। এর ফলে প্রচুর রক্তক্ষণে তার মৃত্যু হয়েছে।

ওসি আজিজুর বলেন, দুই পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ইউনিয়নের পরিষদের ৪০ দিনের কর্মসৃজনের কাজের টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।