মাধবপুরে ভোটের পরের সংঘাতে আহত যুবকের মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ফারুক মিয়া (৩০) উপজেলার খড়কি গ্রামের আলফু মিয়ার ছেলে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেন জানান।
তিনি বলেন, “শুক্রবার দুপুরে উপজেলার জগদাসপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মনাই মিয়া ও আব্দুল হাইয়ের সমর্থকদের মধ্যে তর্ক-বির্তক হয়।
“এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ফারুক মিয়াসহ ২০ আহত হন।”
ঘটনার পর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পঞ্চম দফায় গত ২৮ মে ওই ইউনিয়নে ভোটগ্রহণ হয়। এতে ৭নম্বর ওয়ার্ডের সদস্য পদে মনাই মিয়া জয়ী হয়।
