চাঁদা না পেয়ে কনস্টেবলকে কুপিয়ে জখম
মেয়ের স্বামীর কাছে দাবি করা টাকা না পেয়ে পুলিশ কনস্টেবল শ্বশুরকে কুপিয়ে জখম করেছে চাঁদাবাজরা।
শুক্রবার দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুরে এ ঘটনা ঘটেছে বলে জানান জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা।
আহত কনস্টেবল মো. খলিলুর রহমান (৫৫) জয়দেবপুর থানায় কর্মরত আছেন।
তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
খলিলুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, রাজেন্দ্রপুরে তাদের মেয়ের জামাতা কাজল মিয়া বাড়ি তৈরি করার সময় স্থানীয় সন্ত্রাসীরা এক লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু কাজল চাঁদা দেয়নি। এ ব্যাপারে কথা বলতে দুপুরে মেয়ের বাড়ি যাচ্ছিলেন খলিলুর রহমান।
“পথে ওই সন্ত্রাসীরা তাকে আটকে মেয়েজামাইয়ের বদলে তার কাছে এক লাখ টাকা দাবি করে। খলিলুর পাঁচ হাজার টাকা দিতে চাইলে সন্ত্রাসী তাকে গালাগাল দেয়। এক পর্যায়ে চাপাতি দিতে তারা খুলিলুর রহমানের বাম হাতে কুপিয়ে পালিয়ে যায়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, তাকে সেলাই দিয়ে ১৫ দিন সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সন্ধ্যার পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা বলেন, রাত সাড়ে ৮টা পর্যন্ত লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনার ব্যাপারে তিনি শুনেছেন।
“খলিলুর রহমান চিকিৎসা নিয়ে আসছেন। তার কাছে প্রকৃত ঘটনা জেনে ব্যবস্থা নেওয়া হবে।”
