পাবনায় বাজারের জমি দখলের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
পাবনার সাঁথিয়া উপজেলায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এক আওয়ামী লীগ নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে বাজারের দোকানপাট উচ্ছেদ করে সরকারি জায়গা দখলের অভিযোগ উঠেছে।
গত ৪ জুন আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কোরবান আলী বিশ্বাসের নির্দেশে স্থানীয় মাধপুর বাজারের ২০টি দোকান উচ্ছেদ করা হয়।
কোরবান আলীর সমর্থক আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশেদ ভান্ডারীসহ কয়েকজনের উপস্থিতিতে এ উচ্ছেদ চালানো হয়েছে বলে ব্যবসায়ীদের অভিযোগ।
সরেজমিনে মাধপুর বাজার ঘুরে দেখা গেছে, অনেকটা জায়গাজুড়ে আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নামে ব্যানার টানানো হয়েছে। গাছে ঝুলানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য শামসুল হক টুকুর ছবি।
ওষুধ ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, “আমরা জানতাম জায়গাটি সরকারের খাস। হঠাৎ লোকজন এসে আমার দোকান ভেঙ্গে দিয়ে তুলে নিয়ে যেতে বলে।
“তারা আমাদের বলেছে এখানে আওয়ামী লীগের অফিস হবে। আমরাও তো আওয়ামী লীগে ভোট দিছি, এখন আওয়ামী লীগ নেতারাই আমাদের উচ্ছেদ করল। আমরা কোথায় যাব।”
ফার্নিচার ব্যবসায়ী সুলায়মান মিয়া বলেন, “স্থানীয় আওয়ামী লীগ নেতা আরশেদ ভান্ডারী, মশিউর রহমান রঞ্জু ও কুদ্দুস মিলে এই জায়গাটি দখলের পাঁয়তারা করে। তারাই আমাদের উচ্ছেদ করে।”
তবে নিজের জায়গা দাবি করে মশিউর বলেন, “যারা এখানে ব্যবসা করছিল তারাই অবৈধ ছিল। আমার জায়গা, তাই তাদের তুলে দেওয়া হয়েছে।”
এ বিষয়ে জানতে কোরবান আলীর মোবাইলে ফোন দিলে তার ছেলে মিরাজুল ইসলাম বলেন, “বাবার নাম ভাঙ্গিয়ে কারা কী করছে আমাদের জানা নেই।”
নির্বাচনের পর থেকে কোরবান আলী অসুস্থ রয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, “অবৈধ দখলদার ছিল সেটা জানি। তবে কারা তাদের উচ্ছেদের মাধ্যমে নতুন করে দখল করছেন জানা নেই।”
তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করা হবে বলে জানান তিনি।
