দেশে ফিরল বিএসএফের হাতে আটক ৯ জেলে
রাজশাহীর চারঘাট সীমান্তে পদ্মা থেকে পাল্টাপাল্টি আটকের শিকার বাংলাদেশ ও ভারতের ২০ জেলে বাড়ি ফিরেছে।
বুধবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয় বলে বিজিবির ১ ব্যাটালিয়নের চারঘাট বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত ৯টার দিকে বাংলাদেশের চকপাড়া ও ভারতের কাগমারী সীমান্তের মধ্যবর্তী বালুচর এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে জেলেদের ফিরিয়ে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠকে বিজিবির চারঘাটের কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী ও বিএসএফের কাগমারী ক্যাম্পের এসি সঞ্জয় কুমার নেতৃত্ব দেন।
বুধবার বেলা ১১টার দিকে চারঘাটের সীমান্ত এলাকা চকপাড়া ও সাড়িয়াখাল এলাকার পদ্মা নদী থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ নয় বাংলাদেশিকে জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরপর বিজিবি সদস্যরাও ওই নদী থেকে ১১ ভারতীয় জেলেকে ধরে নিয়ে আসে।
ওইদিন বিকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠকের জন্য একে অপরকে চিঠি দেয়।
