২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি-বিএসএফের পাল্টাপাল্টি আটক

রাজশাহীর চারঘাট সীমান্তে পদ্মা থেকে বাংলাদেশ ও ভারতের ২০ জেলেকে পাল্টাপাল্টি আটক করেছে বিএসএফ ও বিজিবি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 09:12 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

বুধবার দুপুরে তাদের আটক করা হয়।

বিজিবির চারঘাট বিওপি ক্যাম্পের নায়েক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দুপুরে বাংলাদেশি জেলেরা চারঘাটের সীমান্ত এলাকায় পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরছিলেন।

“এ সময় ভারতীয় সীমানায় অনুপ্রবেশের অভিযোগে নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায় বিএসএফ।”

এ ঘটনার প্রতিক্রিয়ায় একই এলাকা থেকে পদ্মায় মাছ ধরার নামে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১১ ভারতীয় নাগরিককে বিজিবি আটক করে বলে তিনি জানান।

রাজশাহী বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ বলেন, সীমান্তে এই পাল্টাপাল্টি আটকের ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি বলে তিনি জানান।

বিজিবি বলছে, বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা হলেন চারঘাটের মিয়াপুর গ্রামের দুদু মিয়া, মান্নান, ফারুক, মিজান, মিতুল, শহিদুল ইসলাম, টুটুল, লিটন ও মাসুদ। বিজিবির হাতে আট ভারতীয় নাগরিকরা হলেন মুরশিদাবাদ জেলার জলঙ্গী থানার শিমচর কলোনী এলাকার মনোরঞ্জন, রমেন, জিতেন, শান্তি, শক্তিপদ, শুবদ, কালিপদ, শুকন, অশক, সনদ ও প্রভাস।