গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
গাজীপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৬টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আরিফ হোসেন খান জানান।
আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। মঙ্গলবার রাতে সিটি করপোরেশনের নগরপাড়া এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে পিকআপ ভ্যানে করে কাঁঠাল নিয়ে ঢাকা যাচ্ছিলেন ওই ব্যক্তি। পথে পিকআপের বাঁ পাশের টায়ার ফেটে গেলে গাড়িটি একপাশে হেলে পড়ে এবং ওই ব্যক্তি ছিটকে রাস্তায় পড়েন।
এ সময় ঢাকাগামী আরেকটি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সকালে সেখানেই তার মৃত্যু হয়।
তার লাশ শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
