লঞ্চের কেবিনে নারীর লাশ
চাঁদপুরে লঞ্চের কেবিন থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে এমভি আব-এ-জমজম-১ লঞ্চের একটি কেবিন থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে সদর মডেল থানার ওসি মো. ওয়ালী উল্লা অলি জানান।
তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
তবে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে লঞ্চের পাঁচ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানানে ওসি।
এরা হলেন ম্যানেজার মো. ইউনুস মিয়া (৩৫), সুপারভাইজার ফরহাদ (২৭), সোহাগ (৩০), সুজন (২৪) ও রিয়াদ (২৩)।
আটকদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে হাইমচর উপজেলার নীলকমল লঞ্চঘাট থেকে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ঢাকা যাওয়ার জন্য ওই নারী লঞ্চের ১১২ নাম্বার কেবিন ভাড়া নেন।
“ভোরে লঞ্চটি সদরঘাটে পৌঁছলে লঞ্চের লোকজন কেবিনে তার লাশ দেখতে পায়। কিন্তু ঝামেলা এড়াতে তারা পুলিশকে বিষয়টি অবহিত করেনি। এরপর চাঁদপুর পৌঁছে তারা পুলিশকে খবর দেয়।”
ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা ওসির।
