পারিবারিক সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পারিবারিক সংঘর্ষে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যুসহ পাঁচজন আহত হয়েছে।
সোমবার দুপুরের এ ঘটনায় কাপাসহাটিয়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামের আলফাজ উদ্দিনের (৫২) মৃত্যু হয় বলে হরিণাকুণ্ডু থানার ওসি মাহতাব উদ্দিন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮ সালে ওই গ্রামে জুমাত আলী নামে এক ব্যক্তি খুন হয়। সেই মামলায় নিহত আলফাজসহ তার তাতিজা ও ভাগ্নেরা আসামি ছিলেন।
“সোমবার ওই মামলায় আদালতে হাজিরার দিন ছিল। ভাতিজা আকরাম দেরি করে হাজির হওয়ায় চাচা তাকে চড় মারেন। এতে ভাতিজা ও ভাগ্নেরা তার উপর ক্ষুব্ধ হয়। বাড়ি ফেরার পর দুপুর ১টার দিকে সংঘর্ষে সংঘর্ষ বাধে।”
এ সময় ছয়জন আহত হলে তাদের হাসপাতালে নেওয়ার পথে সাবেক ইউপি সদস্য আলফাজ উদ্দিন মারা যান বলে ওসি জানান।
অন্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।
