নেত্রকোণায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
জেলা প্রশাসকের আশ্বাসের পর নেত্রকোণায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন মালিক-শ্রমিকরা।
সোমবার সকাল ছয়টা থেকে থেকে জেলার সড়কগুলোতে সবধরনের যান চলাচল শুরু হয়েছে বলে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জানান।
জেলার অভ্যন্তরীণ ও মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রোববার সকালে জেলা বাস মালিক সমিতি ও জেলা মোটরযান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
একদিনের মধ্যেই তারা এ ধর্মঘট প্রত্যাহার করে নিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নেত্রকোণা মডেল থানার ওসি আবু তাহের বলেন, রোরবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে বাস-ট্রাক মালিক সমিতির নেতা ও অটোরিকশা শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী সাতদিন আগের নিয়মে সড়কে সবধরনের যান চলাচল করবে। পরে উভয় পক্ষের দাবি বিবেচনায় রেখে জেলা প্রশাসন একটি নীতিমালা ঠিক করে করে দেবে, যার ভিত্তিতে পরবর্তীতে সড়কে যান চলাচল করবে।
জেলা প্রশাসক মুশফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জেলা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কদ্দুছ, জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ বিল্লালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরিবহন মালিক-শ্রমিকরা বেশ কিছুদিন ধরে সড়কে অটোরিকশা চলচল নিয়ে অভিযোগ করে আসছিলেন। এ ছাড়াও নসিমনসহ অন্যান্য অবৈধ যান সড়কে চলাচল না করতে দেয়ার জন্যে প্রশাসনকে আহবানও জানিয়েছিলেন তারা।
