২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় পরিবহন ধর্মঘট, বিপাকে যাত্রীরা

অভ্যন্তরীণ ও মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে নেত্রকোণায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে মালিক-শ্রমিকরা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 05:53 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

রোববার সকালে থেকে এ ধর্মঘটের ডাক দেয় জেলা বাস মালিক সমিতি ও জেলা মোটরযান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।

বাস-ট্রাক চলাচল বন্ধের পাশাপাশি শ্রমিকরা বিক্ষোভও করছেন দাবি আদায়ে।

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম খান বলেন, রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সড়কে বাস ও ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে। দাবি মেনে প্রশাসন ব্যবস্থা না নিলে সোমবার থেকে দেশের অন্য জেলাসহ রাজধানীর সঙ্গেও বাস-ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হবে।

দাবি আদায় না হওয়া পর‌্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানান তিনি।

সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সড়কে বাস-ট্রাক চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রী-সাধারণ।

শহরের রাজুরবাজার বাসস্ট্যান্ড এলাকায় গিয়াস উদ্দিন নামে এক যাত্রী এসেছেন জেলার বারহাট্টা উপজেলা থেকে। সঙ্গে স্ত্রী ও ছেলে।

তিনি বলেন, বাসও চলছে না। আবার বাসের শ্রমিকেরা অটোরিকশাও চলতে দিচ্ছে না। ডাক্তার দেখানোর জন্য অনেক বেশি টাকা দিয়ে রিকশায় করে এসেছি।

মোহনগঞ্জ উপজেলা থেকে আসা বিপ্লব সাহা বলেন, পাঁচ বার রিকশা বদলিয়ে প্রায় ২৪ কিলোমিটার রাস্তা পার হয়ে নেত্রকোণা শহরে এসেছেন।

এ বিষয়ে নেত্রকোণার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে সন্ধ্যায় মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করা হবে।