সাভারে হাতবোমার বিস্ফোরণ, আহত ৪
সাভারের আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির ছোড়া হাতবোমার বিস্ফোরণে চারজন আহত হয়েছে, যাদের মধ্যে হোটেল কর্মচারী তিন কিশোরও রয়েছে।
সোমবার সকালে পল্লীবিদ্যুৎ এলাকার সুমাইয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার এসআই মলয় কুমার সাহা জানান।
তবে কারা এবং কী কারণে এ হামলা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত ছমির উদ্দিন (১৫), বিল্লাল হোসেন (১৬) ও সৈকত (১৪) ওই হোটেলের কর্মচারী। অপর আহত পথচারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তাদের সবাইকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুমাইয়া হোটেলের মালিক ইব্রাহিম জানান, সকালে ছমির, বিল্লাল ও সৈকত হোটেলে রুটি তৈরি করছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন একটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়।
“বোমার বিস্ফোরণে ছমির, বিল্লাল ও সৈকতসহ এক পথচারী আহত হয়।”
পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানালেও কী কারণে এবং কারা এ হামলা করেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
