পুকুরে ডুবে শাবি শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হলের পুকুরে ডুবে ওই ছাত্রের মৃত্যু হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার।
মৃত নিলয় মোহাম্মদ আজম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রক্টর বলেন, রোববার দুপুরের পর নিলয় ও তার এক বন্ধু দ্বিতীয় ছাত্রহলের পুকুরে গোসল করতে নামে।এ সময় নিলয় ডুবে গেলে সেখানে উপস্থিত শিক্ষার্থীরা কিছুক্ষণ খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে।
“পরে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
নিলয়ের মৃতদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান প্রক্টর।
