দশ ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ শুরু
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেল সেতুর গার্ডার দেবে যাওয়ার প্রায় ১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার রাতে ভাড়াউড়া এলাকায় জানকী ছড়ার উপরের এ সেতুর গার্ডার দেবে যায়। শনিবার দুপুরে মেরামত শেষে ট্রেন চলাচল শুরু হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৩টার দিকে প্রবল বর্ষণে পাহাড়ি ঢলে শ্রীমঙ্গল উপজেলাধীন জানকিছড়া রেল সেতুর একটি আরসিসি গার্ডার দেবে যায়।
“এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।”
সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেরামত শেষে বেলা সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী রাতের আন্তনগর উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটমুখী আন্তনগর উদয়ন এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে।
এদিকে, বেলা ১১টার দিকে উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল থেকে ঘুরিয়ে ‘জয়ন্তিকা’ নামে ঢাকা অভিমুখে ছাড়া হয়।
