২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ভোট কেন্দ্রে গুলিতে যুবক নিহত

ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে ফেনীর সোনাগাজীতে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গুলিবিদ্ধ হয়েছেন ১২ জন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 11:34 AM

Updated : 12 Apr 2022, 02:12 AM

শনিবার ভোট শুরুর কয়েক ঘণ্টা পর উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চর ভৈরব হাজি তোফায়েল আহম্মেদ জুনিয়র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দখলের চেষ্টার সময় সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে প্রিজাইডিং অফিসার জয়নুল আবদীন জানান।

নিহত নুর হোসেন শিপন (২২) চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের আবদুল করিমের ছেলে। তিনি পেশায় পাওয়ার ট্রলি চালক ছিলেন।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম, মফলুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার মাইনুদ্দিন ও আরিফ উদ্দিন, পোলিং অফিসার সন্ধ্যা রানী রায়।

তাদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রিজাইডিং অফিসার বলেন, বেলা ১১ টার দিকে সদস্য প্রার্থী নুর হোসেন ও নাসির উদ্দিন সুমনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা কেন্দ্র দখলের চেষ্টা করে অর্তকিত গুলি ছুড়ে ও হাতবোমা হামলা চালায়।

“এ সময় তারা তিনটি ব্যালট বাক্স ছিনতাই ও নির্বাচনী সরঞ্জাম ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্ধশতাধিক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই নুর হোসেন শিপন নিহত হয়।”

সংঘর্ষে চার পুলিশ সদস্য, তিন আনসার সদস্য, দুই পোলিং কর্মকর্তাসহ ১২ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানান তিনি।।

জেলা পুলিশ সুপার রেজাউল হক জানান, ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে।

সহিংসতার পর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানান জেলা প্রশাসক আমিন উল আহসান।

এদিকে ৮০০ জাল ভোটসহ উপজেলার চরসাহা ভিকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুরুন নবীকে আটক করা হয়েছে বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর।

বিএনপির ৬ প্রার্থীর ভোট বর্জন

এদিকে ভোট শুরুর পর দুপুরে ফেনী সদর উপজেলার ছয় ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করে পুনর্নির্বাচন দাবি করেছেন বলে জানান সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আফরোজা পারভীন বলেন, বিএনপির কয়েকজন প্রার্থী বেলা ৩টায় এবং কয়েকজন বেলা ৪টায় লিখিত অভিযোগ দিয়ে নির্বাচন বর্জন করেছেন।