২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে উপজেলা চেয়ারম্যান শামীমের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার  

নড়াইলে নির্বাচনী সংঘাতে একজন নিহতের পর কালিয়া উপজেলার চেয়ারম্যান খান শামীমুর রহমান (ওছি খাঁ) ও তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে জেলা প্রশাসন।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 08:30 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে কালিয়া উপজেলার বড়দিয়ায় শামীম এবং চেয়ারম্যান প্রার্থী খান জাহাঙ্গীর আলমের বাড়িতে এ অভিযান চালানো হয়।

উপজেলা চেয়ারম্যান শামীমের চাচাত ভাই জাহাঙ্গীর কোটাকোল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই ইউনিয়নের তেলকাড়া গ্রামে বৃহস্পতিবার জাহাঙ্গীরের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগ প্রার্থী হেমায়েত হোসেনের এক কর্মী নিহত হন। ওই ঘটনায় চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।

ম্যাজিস্ট্রেট রবিউল সাংবাদিকদের বলেন, ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শামীম ও জাহাঙ্গীরকে আটক করতে তার (ম্যাজিস্ট্রেট) নেতৃত্বে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়। তাদের না পেয়ে বাড়িতে তল্লাশি চালানো হয়।  

“শামীমের বাড়ি থেকে একটি শটগান, সাত রাউন্ড গুলি, একটি গুলির খোসা, একটি রামদা ও চার লাখ টাকা এবং জাহাঙ্গীরের বাড়ি থেকে একটি শটগান, ৩৫ রাউন্ড শটগানের গুলি, একটি বিদেশি পিস্তল, ৪৯ রাউন্ড পিস্তলের গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।”

এসব আগ্নেয়াস্ত্র অবৈধ কি না তা যাচাই করে দেখা হচ্ছে বলে জানান রবিউল।
লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, বৃহস্পতিবারের ওই হত্যাকাণ্ডের ঘটনায় এখনও মামলা হয়নি। তবে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান খাঁন শামীমুর রহমান ও জাহাঙ্গীর আলম দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

কোটাকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর এবার ‘মটরসাইকেল’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলার অন্য বেশ কয়েকটি ইউনিয়নেও আওয়ামী লীগের বিদ্রোহীরা এবার মটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, যাদের পক্ষে নড়াইল-১ আসনের সাংসদ শেখ কবিরুল হক মুক্তি ও উপজেলা চেয়ারম্যান শামীমের সমর্থন রয়েছে বলে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ।

পুরনো খবর:

নড়াইলে সংঘর্ষে নৌকা সমর্থক খুন, গুলিবিদ্ধ ৪