নড়াইলে সংঘর্ষে নৌকা সমর্থক খুন, গুলিবিদ্ধ ৪
নড়াইলের লোহাগড়ায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহীর অনুসারীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন, যাদের চারজন গুলিবিদ্ধ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কোটাখালী ইউনিয়নের তেলকাড়া গ্রামে এই সংঘর্ষ হয় বলে লোহাগাড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খান জাহাঙ্গীর আলম সকালে নিজের নির্বাচনী কার্যালয়ে বসেছিলেন। এক পর্যায়ে আওয়ামী লীগ প্রার্থী হেমায়েত হোসেনের কর্মীরা সেখানে হামলা চালায়।
জাহাঙ্গীরকে কুপিয়ে আহত করার পর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং গোলাগুলি হয়।
এ সময় গুলিবিদ্ধ হয়ে মো. সেলিম (৩০) নামে নৌকা প্রতীকের এক সমর্থক ঘটনাস্থলে নিহত হন বলে ওসি জানান।
তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুপিয়ে আহত করার পর তাকে সেখান থেকে নিয়ে আসা হয়। পরে কী ঘটেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।
কোটাখোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কালিয়া উপজেলার চেয়ারম্যান খান শামীমুর রহমানের (ওছি খাঁন) চাচাত ভাই।‘মটরসাইকেল’ প্রতীক নিয়ে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
জেলার অন্য বেশ কয়েকটি ইউনিয়নেও আওয়ামী লীগের বিদ্রোহীরা এবার মটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, যাদের পক্ষে নড়াইল-১ আসনের সাংসদ শেখ কবিরুল হক মুক্তি ও উপজেলা চেয়ারম্যান শামীমের সমর্থন রয়েছে বলে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ।
