২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষণের’ শিকার তরুণীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘ধর্ষণের’ শিকার এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 10:16 AM

Updated : 20 Aug 2022, 12:53 PM

ঘটনার জন্য নিহত তরুণীর (১৮) পরিবার উপজেলার শ্রীঘর গ্রামের রাখাল সরকারের ছেলে নির্মল সরকারকে (২২) দায়ী করেছে বলে পুলিশ জানায়।

নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মলের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল।

“তবে তরুণীর পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও গত সোমবার নির্মল তাকে ধর্ষণ করে। পরে এলাকাবাসী তাদের বিয়ে দেওয়ার উদ্যোগ নেয়।”

নির্মল বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যার ঘটনা ঘটেছে কি না তা তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, “মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে।

“পরে বিয়ের জন্য ছেলের বড় ভাইদের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা রাজি হয়নি।”

তরুণীর বাবা অভিযোগ করেন, ধর্ষণের পর আমার মেয়েকে ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেয় এলাকাবাসী।

“আমরা গরিব ও দাস বর্ণের হওয়ায় ছেলের পরিবার রাজি হয়নি।”

এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও নির্মল সরকারের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

তবে তার বড় ভাই দিলীপ সরকার দাবি করেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

“আমার ভাইয়ের সাথে ওই মেয়ের কোনো রকম প্রেমের সম্পর্ক ছিল না। মেয়েটি আত্মহত্যা করার পর পূর্বশত্রুতার জেরে আমার ছোট ভাইকে ফাঁসাতে এই অপকৌশল গ্রহণ করা হয়েছে।”

ওসি ইমতিয়াজ বলেন, এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।