বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে দুই চালকসহ নিহত ১০
বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় বাহনের চালকসহ ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৮ জন।
শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার ধনকুণ্ডি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে পেন্টাগন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান।
আহতদের মধ্যে ছয়জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১২ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, রেখা পরিবহনের একটি বাস ঢাকা থেকে বগুড়ার দিকে আসছিল। আর পাথরবোঝাই একটি ট্রাক যাচ্ছিল সিরাজগঞ্জের দিকে।
“দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই চালকসহ সাতজনের মৃত্যু হয়। আর শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও জিয়াউর রহমান হাসপাতালে দুইজন মারা যান।”
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকের কারণে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছে পুলিশ।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, ১০ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয় জিয়াউর রহমান হাসপাতালে।
নিহতরা হলেন- দিনাজপুর সদরের মিস্ত্রিপাড়ার আব্দুল আজিজের ছেলে পারভেজ আলম (৩৭), টাঙ্গাইলের ঘাটাইলের জোগাবাড়িয়ার আব্দুল মালেকের ছেলে ট্রাকচালক ভোলা মিয়া (৪২), নবাবগঞ্জের তপনঘাটের হাফিজ উদ্দিনের ছেলে বাসচালক শামিম হোসেন বেলাল (৪০), একই উপজেলার সাবেদগঞ্জের তাজবর আলীর ছেলে তজিরুল ইসলাম (৪০), সদরের নুরুল ইসলামের ছেলে নাজমুল সরকার (৪০), আমবাগানের শাহ আলমের ছেলে দুলাল হোসেন (২৮), বিরলের দোগাছি গ্রামের শফি মোহাম্মদের ছেলে আব্দুল হাকিম (৩৫), রংপুরের মিঠাপুকুরের গোপালপুর চৌধুরীপাড়ার খলিলুর রহমানের ছেলে বেনজির রহমান (৩৫), ঠাকুরগাঁওয়ের সালান্দরের নুর মোহাম্মদের ছেলে হাফিজুর রহমান (২৮) এবং জয়পুরহাটের পাঁচবিবির ছাইতান গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে আব্দুল বারিক (৩৫)।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) গাজিউর রহমান বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত নয় জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিয়াউর রহমান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাসুদ আহসান সাংবাদিকদের জানান, এখানে ভর্তি ১২ জনের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন চাঁদপুর জেলার মতলব উপজেলার নুর মোহাম্মদ (২৮), দিনাজপুরের আইয়ুব আলী (৬০), দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারেক (৩৫) ও নবাববগঞ্জ উপজেলার সাইদুল (৩০), ঠাকুরগাঁও জেলার আব্দুল লতিফ (৩০), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জাফর (২২), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাহিন (২৩) ও এরশাদ (২৮) এবং সাঘাটা উপজেলার শফিকুল (২৮), বগুড়ার শিবগঞ্জের রজ্জব আলী (৬৫) ও চাঁদপুরের মতলব উপজেলার হাসান (২৫)।
হাসপাতালে গিয়ে আহত প্রায় সব যাত্রীর কাছেই তাদের আত্মীয়-স্বজনকে দেখা গেছে। মৃত অনেকের মোবাইল ফোন থেকে তাদের স্বজনদের খবর দেওয়ায় তারাও হাসপাতালে ভিড় করছে।
আহত শাহিনুর আলম (২৫) অভিযোগ করেন, বাসটি ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে ছাড়ার কথা রাত ১১টায়। কিন্তু চালক রাত ১টায় রওনা হন। সময় কভার করার জন্য দ্রুতগতিতে বাস চালিয়ে আসে। বাসের অবস্থাও ভালো না।
“দ্রুতগামী বাসটি বিকট শব্দে চলছিল। চালকও ভালোভাবে গাড়ি চালাতে পারছিলেন না। গাড়িটি বারবার রাস্তার এদিক-ওদিক যাচ্ছিল। যাত্রীরা বারবার আস্তে চালাতে বললেও চালক কারও কথা শোনেননি।”
