ড্রেজারের বালির নিচে শিশু চাপা পড়ার খবর
গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় ড্রেজার-পাইপ দিয়ে ডোবা ভরাট করার সময় বালির নিচে এক শিশু চাপা পড়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শ্রীবাস চন্দ্র দাসের (১০) সন্ধানে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন বলেন, সকালে খবর পাওয়ার পর থেকেই ওই ডোবায় ও আশপাশে অনুসন্ধান চালানো হলেও দুপুর আড়াইটা পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।
শ্রীবাসের বাবা নিরঞ্জন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, স্থানীয় বর্ণমালা আইডিয়াল একাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী শ্রীবাস বুধবার দুপুরে স্কুল থেকে ফিরে সহপাঠী আরিফ, রাকিব, সজল, শাওনের সাথে জরুন পূর্বপাড়া এলাকায় খেলতে যায়।
“ওই শিশুরা বলছে, যেখানে ড্রেজারের পাইপলাইন থেকে বালি-মিশ্রিত পানি পড়ছে সেখানে তারা খেলতে নামে। একপর্যায়ে শ্রীবাস ও আরিফ বালি-মিশ্রিত পানিতে তলিয়ে যেতে থাকে। পরে আরিফ উঠে আসতে পারলেও শ্রীবাস তলিয়ে যায়।”
নিজেরা ওই এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও শ্রীবাসকে না পেয়ে বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসকে খবর দেন বাবা নিরঞ্জন দাস।
নিরঞ্জন ও তার স্ত্রী গীতা রানী দাস স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তারা এ এলাকার আরিফুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার চরবালু বান্দা এলাকায়।
