নরসিংদীতে ভোটের সংঘর্ষে নিহতের ঘটনায় আটক ২
নরসিংদীর রায়পুরায় বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে হতাহতের ঘটনায় বিদ্রোহী প্রার্থী ও তার ছেলেকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় শহরের পশ্চিম কান্দাপাড়ার বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে সদর থানার ওসি গোলাম মোস্তফা জানান।
আটককৃতরা হলেন- রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকার (৬০) ও তার ছেলে নরসিংদী সরকারি কলেজ সংসদের সাবেক জিএস এস এম কাইয়ুম (৩০)।
চতুর্থ দফার ইউপি নির্বাচনে নিলক্ষা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম জয় লাভ করেন। পরাজিত হন আবদুল হক সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে ওসি বলেন, দুপুরে তাজুলের সমর্থকদের সঙ্গে আব্দুলর সরকারের সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত ও ১০ জন আহত হন।
“এ ঘটনায় জড়িত সন্দেহে ‘উপর মহলের নির্দেশে’ আব্দুল হক ও তার ছেলেকে আটক করা হয়েছে।”
ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় একাধিক অভিযোগ রয়েছে। কোনো মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে নাকি ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
বুধবার দুপুরে রায়পুরার দুর্গম চরএলাকা নিলক্ষা ইউনিয়নের আতশআলী বাজারে আওয়ামীলীগের জয়ী চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী আব্দুল হক সরকারের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. লিটন মিয়া (২৮) নামে আব্দুল হকের এক সমর্থক নিহত হন। এছাড়া ১০ জন আহত ও ওই এলাকার বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
