নরসিংদীতে জয়ী ও পরাজিতের সমর্থকদের সংঘর্ষে নিহত ১
নরসিংদীর রায়পুরায় বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
বুধবার দুপুরে উপজেলার দুর্গম চরএলাকা নিলক্ষা ইউনিয়নের আতশআলী বাজারে আওয়ামী লীগের জয়ী চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী আব্দুল হক সরকারের সমর্থকদের এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম জানান।
নিহত মো. লিটন মিয়া (২৮) আব্দুল হক সরকারের সমর্থক।
আহতদের মধ্যে দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় ১০টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, নব নির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থকরা আতশ আলী বাজারে বিদ্রোহী প্রার্থী আবদুল হক সরকারের সমর্থকদের উপর হামলা চালালে হাতবোমার বিস্ফোরণে ঘটনাস্থলেই মো. লিটন মিয়া নিহত হন।
“এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আবদুল হক সরকারের সমর্থকরা ওই বাজারে গেলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।”
