সেতু ভেঙে ট্রাক খালে, আহত ২
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে একটি মালবোঝাই ট্রাক খালে পড়ে চালক ও সহকারী আহত হয়ছেন।
হরিশংকরপুর এলাকায় বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
আহত ট্রাকচালক ও সহকারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, বিজয়নগর-মাটিকাটা বাইপাস সংযোগ সড়কের হরিশংকপুর এলাকায় অবস্থিত এই বেইলি ব্রিজটি কয়েক বছর আগে থেকেই ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল।
“সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সেতুর দুই পাশে ‘পাঁচ টনের অধিক যান চলাচল নিষেধ’ লেখা দুটি সাইনবোর্ড লাগানো রয়েছে।”
তিনি বলেন, বুধবার ভোরে সিমেন্টবোঝাই দুটি ট্রাক সেতুতে উঠলে তা ভেঙে একটি ট্রাক উল্টে যায়। অপরটি কোনোমতে রক্ষা পায়।
পরে স্থানীয়রা ট্রাকের ভেতর থেকে আহত চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।
রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী ইউনুস আলী জানান, বুধবার ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে গাড়িগুলো বিকল্প পথ হিসেবে বিজয়নগর-মাটিকাটা বাইপাস সংযোগ সড়কে চলাচল শুরু করে।
একসঙ্গে দুইটি ট্রাক বেইলি ব্রিজের উপর ওঠায় সেতুটি ভেঙে যায় বলে জানান তিনি।
