২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৈশ প্রহরীকে হত্যায় ৯ জনের যাবজ্জীবন

খুলনার কয়রায় নয় বছর আগে এক মাছের ঘেরের নৈশ প্রহরীকে হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 03:45 PM

Updated : 12 Apr 2022, 02:10 AM

মঙ্গলবার খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে পিপি আরিফ মাহমুদ লিটন জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন কয়রা উপজেলার বায়লা হারানিয়া গ্রামের কামরুল গাজী (৩৪), জুলফিকার ওরফে ফাকু (২৮), পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের হুমায়ূন সানা (৩২), কয়রা উপজেলার অর্জুনপুর গ্রামের সালাম ওরফে ছাকিম মোড়ল (৪০), একই উপজেলার শ্রীফলতলা গ্রামের বায়েজিদ সানা (৩৭), একই গ্রামের আলমগীর সানা (৩২), রুস্তম সানা (৩৪), হবি সানা (৩৮) ও  মফিজুল ওরফে মফি সানা (৩৮)।

একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, কয়রা উপজেলার শেওড়া ও শ্রীফলতলা মৌজায় মো. মজিদ সানার মাছের ঘেরে নৈশ প্রহরীর কাজ করতেন সাতক্ষীরার একসরা গ্রামের আবু বকর সিদ্দিক ওরফে খোকন মোড়ল। আসামিরা ওই ঘের থেকে প্রায়ই মাছ চুরি করত। খোকন মাছ চুরির কথা ঘের মালিককে বলে দিতে পারে এমন আশঙ্কায় ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে আসামিরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খোকনকে হত্যা করে।

“পরের দিন ঘেরের পাশের বাসিয়া গ্রামের কলাপোতা বিলের বাজারিয়া খাল থেকে খোকনের লাশ উদ্ধার করা হয়। ”

এ ঘটনায় খোকনের স্ত্রী গুলনাহার বিবি বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে করে কয়রা থানায় মামলা করেন।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা কয়রা থানার উপ-পরিদর্শক মো. আলহাজ্ব উদ্দিন প্রথমে সালাম ওরফে ছাকিম মোড়লকে গ্রেপ্তার করে।পরে ছাকিমের দেওয়া তথ্যে অন্য আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

এরপর ২০০৭ সালের ৩১ মে নয় জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।