‘বদলি’ শিক্ষকে চলছে প্রাথমিক বিদ্যালয়
কুড়িগ্রাম সদর উপজেলার চরাঞ্চলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলি শিক্ষক দিয়ে চালানোর অভিযোগ পাওয়া গেছে।
জেলা সদর থেকে পশ্চিমে ১৯ কিলোমিটার দূরে যাত্রাপুর ইউনিয়নে অবস্থিত ‘মাঝিয়ালির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়’। প্রথম ১৪ কিলোমিটার পাকা সড়ক। তারপর যাত্রাপুর নৌঘাট থেকে ব্রহ্মপুত্র নদে ২৫ মিনিট নৌযাত্রা। ঝুনকারচর ঘাটের পাশেই বিদ্যালয়টির অবস্থান।
চার কক্ষের টিনশেড বিদ্যালয়। একটিতে বসেন শিক্ষকরা। বাকি তিনটিতে ১৮০ শিক্ষার্থী গাদাগাগি করে বসে দুই শিফটে।
সরজমিন গিয়ে বিদ্যালয়টিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলে তিন বদলি শিক্ষককে দেখা গেছে রোববার দুপুরে।
এসএসসি পাস এই বদলি শিক্ষকরা হলেন স্থানীয় মো. বদিউজ্জামান, মো. শাহজাহান ও ফারুক হোসেন।
বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সাল থেকে তারা এখানে বদলি শিক্ষক হিসেবে কাজ করছেন।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিয়মিত না আসায় স্কুল কমিটি এ ব্যবস্থা নিয়েছে বলে তিনি জানান।
কমিটির সভাপতি আমজাদ হোসেন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে এরশাদুল হক নামে এক ব্যক্তি ২০১৩ সালে যোগ দেন এ স্কুলে। তার বাড়ি যাত্রাপুর বাজারে। তিনি সেখানে ওষুধের দোকান চালান।
“সহকারী শিক্ষক শিরিনা আক্তার শিউলী ২০১৪ সালে এবং শামসুন নাহার ২০১৫ সালে এ স্কুলে যোগ দেন। তারাও নিয়মিত স্কুলে আসেন না। তাই বদলি শিক্ষক দিয়ে কাজ চালানো হচ্ছে।”
দু-একটা ব্যতিক্রম ছাড়া চরাঞ্চলের প্রতিটি বিদ্যালয়ই বদলি শিক্ষক দিয়ে চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক’ এরশাদুল হক বলেন, ব্যস্ততার কারণে ওইদিন (রোববার) তিনি স্কুলে যেতে পারেননি।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী প্রক্সি শিক্ষকদের বিষয়ে জানিয়েছে, তারা প্রতিদিন ক্লাস নেন না।
এছাড়া কয়েকজন অভিযোগ করেছে, এখনও তারা চারটি করে বই পায়নি।
এ বিষয়ে বদলি শিক্ষক ফারুক হোসেন বলেন, পঞ্চম শ্রেণির ১৫ শিক্ষার্থী এখনও বাংলা, ইংরেজি, অংক ও ধর্ম বই পায়নি।
তবে ‘বই না পাওয়ার প্রশ্নই ওঠে না’ বলে দাবি করেছেন উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান। আর বদলি শিক্ষকের বিষয়ে মুখ খুলতে রাজি হননি তিনি। তবে পরে তিনি বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন।
নদীবিধৌত ১৬টি নদ-নদী ঘেরা কুড়িগ্রামের প্রায় সাড়ে ৪০০ চরের মধ্যে প্রায় সাড়ে ৩০০টিতে জনবসতি রয়েছে।
এসব চরে ২০৬টি-সহ জেলায় মোট ১২১৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বলে জানান জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায়।
