জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুড়বাড়ির লোকদের বিরুদ্ধে।
সোমবার দুপুরে উপজেলার রামনগর গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানান গোবিন্দগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ।
নিহত আশরাফুল ইসলাম (৩২) গোবিন্দগঞ্জ উপজেলার গাজীপাড়া গ্রামের মমতাজ উদ্দিন ব্যাপারীর ছেলে। একই উপজেলার তালপট্টি গ্রামে তার শ্বশুড়বাড়ি।
স্বজনদের বরাত দিয়ে এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় বছর আগে তালপট্টি গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে মফেলা বেগমের সঙ্গে আশরাফুলের বিয়ে হয়। তাদের একটি ছেলে আছে।
“সম্প্রতি পারিবারিক কলহের জেরে মফেলা পালিয়ে গিয়ে আরেকজনকে বিয়ে করেন।” স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য শ্বশুর বাড়ির সঙ্গে যোগাযোগ করেন আশরাফুল। দুই-তিন দিন আগে ভায়রা তাকে শ্বশুর বাড়ি তালপট্টিতে ডেকে নিয়ে যায়।”
সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে শ্বশুরবাড়ির পাশের গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার মুখ দিয়ে রক্ত পড়ছিল।
আশরাফুলকে মারধর করে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।
লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
