নড়াইলে নির্বাচনী সহিংসতায় যুবকের মৃত্যু
নড়াইলের কালিয়ায় ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার দুইদিন পর এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন।
কালিয়া থানার ওসি গনি মিয়া জানান, শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কাশেম শেখের (৩৫) মৃত্যু হয়।
কাশেম কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের তান শেখের ছেলে। পঞ্চম দফার ইউনয়ন পরিষদ নির্বাচনে হামিদপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মহম্মদের হয়ে কাজ করছিলেন তিনি।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শেখ ফিরোজ আহম্মদের সমর্থকরা কাশেমের উপর হামলা করেছিল বলে স্থানীয়রা পুলিশকে বলেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ভোমবাগ গ্রামের মসজিদের সামনের একটি চায়ের দোকানে বসে কাশেম ও বুলু গল্প করছিলেন।
“এ সময় শেখ ফিরোজ আহম্মদের কয়েকজন সমর্থক ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে আহত করে।”
স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কাশেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
ওই ঘটনায় আহত বুলু মোল্লা নামে স্বতন্ত্র প্রার্থীর আরেক সমর্থককে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ওসি গনি মিয়া জানান।
এ বিষয়ে জানতে শেখ ফিরোজ আহম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
