পাবনা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা দপ্তরের পরিচালক হাবিবুল্লাহকে সব প্রশাসনিক পদ থেকে অপসারণসহ সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কর্মবিরতি শুরুর পরে তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। পরে বেলা ২টার দিকে তালা খুলে দেন।
বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার সোহাগ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৭ মে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল গাড়ি ব্যবহার নিয়ে ছাত্র-উপদেষ্টা হাবিবুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী কামরুজ্জামানকে প্রকাশ্যে অপমান করেন।
“এর প্রতিবাদে ওইদিনই ঘটনাস্থলে উপস্থিত অন্য কর্মকর্তা-কর্মচারীরা ছাত্র-উপদেষ্টার দপ্তরে তালা দেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ২৪ ঘণ্টার মধ্যে সব ধরনের প্রশাসনিক পদ থেকে তাকে অপসারণসহ সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন।”
কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে এক সমাবেশ করে তারা কর্মবিরতি শুরু করেন বলে জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুপুরে উপাচার্য স্যার শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বিকালে শিক্ষকদের সঙ্গে বসার কথা রয়েছে।
“বৈঠকে কর্মকর্তা কর্মচারীদের কাজে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে প্রাথমিকভাবে। তাদের দাবি দাওয়াগুলো পর্যায়ক্রমে যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।”
